সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

২৯ মার্চ, ২০২০ ১২:৪৬  
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের (সংসদ বাংলাদেশ টেলিভিশন) মাধ্যমে ক্লাস শুরু হলাে আজ থেকে (রোববার)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কাল থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাসের সময়সূচিও ঘোষণা করেছে। প্রথম সপ্তাহের সময়সূচি অনুযায়ী, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস হবে।পরবর্তী সপ্তাহের সময়সূচি ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে ঘোষণা করা হবে। সকাল নয়টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট আটটি ক্লাস হবে।এরপর বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুনঃপ্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী অনেকটা ঘরবন্দী অবস্থায় আছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থী পৌনে দুই কোটির মতো। আর মাধ্যমিকে শিক্ষার্থী এক কোটির ওপরে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে কোচিং বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ওপর প্রভাব পড়ছে। পরিস্থিতি অবনতি হলে এই বন্ধের মেয়াদ আরও বাড়তে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এমন অবস্থায় আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে সংসদ টিভিতে পাঠদানের উদ্যোগ নেয় মাউশি। পুনঃপ্রচার এর পর কিশোর বাতায়নে পাওয়া যাবে। কিশোর বাতায়ানে ক্লাসসমূহ দেখতে ভিজিট করো www.konnect.edu.bd